তিস্তা টোল প্লাজায় তল্লাশি, দেড় লাখ মার্কিন ডলারসহ যুবক আটক

লালমনিরহাটে তিস্তা টোল প্লাজায় এক লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলারসহ (প্রায় দুই কোটি টাকা) মো. লিখন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) মধ্যরাত ২টার দিকে সদর উপজেলার তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।পরদিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সংবাদ বিজ্ঞপ্তিতে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ ইসলাম এ তথ্য জানান। 

আটক লিখন কুড়িগ্রাম সদর থানার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।

পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাত ২টার দিকে লালমনিরহাট সদর থানার একটি দল গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকার তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে চেকপোস্ট বসায়। এ সময় লিখন মিয়াকে তল্লাশি করে তার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ আমেরিকান ডলার উদ্ধার করে পুলিশ। লিখন অটোরিকশায় চেকপোস্ট পাড় হচ্ছিলেন।  

পুলিশ জানায়, ওই যুবকের কাছ থেকে ১০০ ডলারের এক হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট উদ্ধার করা হয়। জব্দ করা এই বৈদেশিক মুদ্রার মোট পরিমাণ এক লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা।

এ প্রসঙ্গে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ ইসলাম বলেন, আটক যুবক এই ডলার কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


[টিবিএন৭১/আরএন]