চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ, পুলিশ বলছে আত্মহত্যা

চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভার থেকে কাউসার আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) মধ্যরাত ৩টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।

এদিকে, কাউসারকে আকবর শাহ থানা ছাত্রলীগের নেতা দাবি করে হত্যার অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব পোস্টে তাকে হত্যার দাবি করা হয়েছে। 

পুলিশ বলছে, এটি আত্মহত্যার ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তারা জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই যুবক নিজেই ফ্লাইওভারে উঠে আত্মহত্যা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার যে রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হয়েছে তারও কোনো সত্যতা মিলেনি বলে পুলিশ জানিয়েছে।

পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে সোমবার মধ্যরাত ৩টার দিকে সাগরিকা ফ্লাইওরে পৌঁছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মারা যাওয়া যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মঙ্গলবার (১২ মে) রাতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নিহত যুবক আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ। পাশাপাশি তাকে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।  

পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, নিহত ব্যক্তি একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন এবং মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

পুলিশ জানায়, সরেজমিনে ঘটনা তদন্ত করে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, ওই যুবক নিজেই ফ্লাইওভারে উঠে রেলিংয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

এদিকে, আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী মারা যাওয়া যুবককে সংগঠনটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ বলে শনাক্ত করেছেন। তবে, নিহতের মা পারভীন আক্তার পুলিশকে জানিয়েছেন, কাউসার রাজনীতিতে যুক্ত ছিলেন না।



[টিবিএন৭১/আরএন]