ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুদ্ধ শেষ করার একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।
সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে যে ১৪ দফা পরিকল্পনা দেওয়া হয়েছে, সেটি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
কালিবাফ বলেন, অন্য যেকোনো পথই ব্যর্থতার দিকে নিয়ে যাবে। তিনি দাবি করেন, সময়ক্ষেপণ যত বাড়বে, যুক্তরাষ্ট্রের জনগণের করের অর্থ তত বেশি অপচয় হবে। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্তের ফলও হবে ভয়াবহ।
তিনি আরও বলেন, “আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তারা অবাক হবে।”
ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছেন, তেহরান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না। তাদের মতে, সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এবং “প্রতিরোধ অক্ষের” শক্ত অবস্থান ইরানকে যেকোনো হুমকি মোকাবিলায় সক্ষম করে তুলেছে।
[টিবিএন৭১/আরএন]