তাসকিনের নো বল, ক্যাচ দিয়ে বাঁচলেন সালমান

তাসকিনের ধ্রুপদী বোলিং স্পেলে আরেকটি উইকেট যোগ হতে পারত। নিজের সাধ্যের সবকুটু দিয়ে তাসকিন চেষ্টা করলেন। কিন্তু ভুল করলেন ওভারস্টেপিং করে।

তাসকিনের অফস্টাম্পের বাইরের বল ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন সালমান আগা। উইকেটের পেছনে লিটন সহজ ক্যাচ নিয়ে উদযাপনে মেতে উঠেন। তাসকিনেরও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সতীর্থরাও খুশি।

সালমান তখন ড্রেসিংরুমের পথে। ঠিক তখনই বেজে উঠল নো বলের আওয়াজ। তৃতীয় আম্পায়ার জানান ‘নো’ বল করেছেন তাসকিন। সে সময় শূন্য রানে ছিলেন সালমান।

ফজলকে আউট করে মিরাজের ‘প্রতিশোধ’

মিরাজকে ডাউন দ্য উইকেটে এসে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন ফজল। সেই ছক্কার প্রতিশোধ এক ওভার পর নিলেন মিরাজ। ডাউন দ্য উইকেটে এসে আবার ছক্কা উড়ানোর চেষ্টা করলেন বাঁহাতি ব্যাটসম্যান। এবার টাইমিং মেলাতে পারলেন না। সেখানে আগে থেকেই ফিল্ডার ছিলেন তাইজুল ইসলাম।

মিড অনে দাঁড়িয়ে তাইজুল সহজ ক্যাচ নিয়ে ফেরালেন ৬০ রান করা ফজলকে। পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন। বাংলাদেশ শেষ ত্রিশ মিনিটের খেলায় তুলে নিল চতুর্থ উইকেট। তাসকিন ও মিরাজের এই যৌথ আক্রমণে পাকিস্তান স্রেফ দিশেহারা। উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান মোহাম্মদ রিজওয়ান। 

এবার মিরাজের উইকেট

প্রথম ঘণ্টায় তাসকিনের জোড়া আঘাতে বাংলাদেশ কিছুটা এগিয়ে ছিল। এবার মিরাজ এনে দিলেন উইকেটের স্বাদ। তিন উইকেট তুলে বাংলাদেশ বেশ ভালোভাবে জবাব দিচ্ছে পাকিস্তানকে। 

মিরাজ ফিরিয়েছেন সৌদ শাকিলকে। অফস্পিনারের বল সুইপ করতে চেয়েছিলেন শাকিল। কিন্তু বল মিস করেন তিনি। বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দেন। কিন্তু রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান। তা কাজে আসেনি। ৪ বল খেলে কোনো রান করেননি পাকিস্তানের সেরা ব‌্যাটসম‌্যান।  

পাকিস্তান হারাল চতুর্থ উইকেট। উইকেটে নতুন ব্যাটসম্যান সালমান আগা। 

তাসকিনের আরেকটি উইকেট, ফিরলেন পাকিস্তানের অধিনায়ক

নিচু হওয়া ক্যাচ দারুণভাবে লুফে নিলেন সাদমান ইসলাম। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ স্রেফ অবাক। 

তাসকিন আহমেদের ফুল লেন্থ বল ড্রাইভ করেছিলেন শান। শটে ভুল ছিল না। কিন্তু বাংলাদেশের পরিকল্পনা কাজে লেগেছে। পয়েন্টের ফিল্ডারকে একটু কাছে এনে আক্রমণ সাজিয়েছিলেন তাসকিন। তা কাজে এসেছে।

শান মাসুদের ড্রাইভ সাদমানের নাগাল দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ডানদিকে ঝাঁপিয়ে নিচু হয়ে ক্যাচ লুফে নেন সাদমান। পাকিস্তানের অধিনায়ক ফিরলেন ৯ রান করে। উইকেটে নতুন ব্যাটসম্যান সৌদ শাকিল। দিনের প্রথম ঘণ্টায় দুই উইকেট তুলে বাংলাদেশ লড়াইয়ে এখন কিছুটা এগিয়ে। 

অবশেষে স্বস্তির উইকেট

সেঞ্চুরির পর মনোবলে চিড় ধরলো আজানের। তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দিলেন সেঞ্চুরিয়ান। নাজমুল হোসেন শান্ত প্রথম স্লিপে দাঁড়িয়ে কোনো ভুল করলেন না। বল হাতে জমিয়ে আজানকে দেখালে ফেরার পথ। বাংলাদেশ পেল কাঙ্খিত ব্রেক থ্রু। ১৬৫ বলে ১০৩ রান করে আউট হলেন আজান। 

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশ উইকেট পেতে মুখিয়ে ছিল। তাসকিন বোলিংয়ে এসে দ্বিতীয় ওভারে পেলেন সাফল্য। ক্রিজে এসেছেন পাকিস্তানের নতুন ব্যাটসম্যান অধিনায়ক শান মাসুদ।

আরেকপ্রান্তে থাকা আব্দুল্লাহ ফজল তুলে নিয়েছেন ক‌্যারিয়ারের প্রথম ফিফটি।  

জুটির সেঞ্চুরি

প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেটেও শতরান পেল পাকিস্তান। দুই তরুণ আজান আজওয়াইজ ও আব্দুল্লাহ ফজল দারুণ ব্যাটিংয়ে দলের রান এগিয়ে নিচ্ছেন। কোন চাপ, কোন জড়তা ছাড়াই দুই বাঁহাতি ব্যাটসম্যান রান তুলছেন। 

অভিষেকে আজানের সেঞ্চুরি

প্রথম শ্রেণির ক্রিকেটে অবিশ্বাস্য আজানের ব্যাটিং গড়। ৩৩ ম্যাচে ৪৮.৬০ গড়ে ১০টি সেঞ্চুরি। পাকিস্তান যেই ক্রিকেটারকে নিজেদের ভবিষ্যত হিসেবে দেখছিল আজান তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশ সফরে তাকে নিয়ে এসে ফেলল পরীক্ষায়। যে পরীক্ষায় সেঞ্চুরি করে উতরে গেলেন ২১ বছর বয়সী আজান। 

নাহিদ রানা গতকাল তার হেলমেটে আঘাত করেছিলেন। শর্ট বলের গতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। আজ সেই নাহিদকে ৯৫ রান থেকে চার মারেন। এরপর ৯৯ রানে থেকে আলতো টোকায় বল কাভারে পাঠিয়ে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। 

সাদা পোশাকে প্রথমবার মাঠে নেমে প্রথম ইনিংসেই সেঞ্চুরি। এর আগে এমন কিছু দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে যে প্রতিকূলতার বিপক্ষে লড়াই করে আজান নিজের ইনিংসটি সাজিয়েছেন তা মুগ্ধ করেছে সবাইকে। তার ব্যাটিং দেখে মনেই হয়নি প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছেন। 

ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ

ব্যাটিংটা যুৎসই হলেও বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয়েছিল সাদামাটা। সেই সুযোগটি বেশ ভালোভাবে নিয়েছে পাকিস্তান। রান করেছে অনায়েসে।

আজ তৃতীয় দিন বোলিংয়ে ভালো করতে মুখিয়ে স্বাগতিকরা। পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে নিজেদের শক্তি ও সামর্থ্যের প্রমাণ দিতে বদ্ধপরিকর।

সেই লড়াই শুরু হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ১০টায় তৃতীয় দিনের খেলায় মাঠে নেমেছে দুই দল। বাংলাদেশের বোলিংয়ের শুরুটা করেছেন নাহিদ রানা। আরেক পাশে মিরাজ। পাকিস্তানের দুই অভিষিক্ত আজান আজওয়াইজ ও ফজল আব্দুল্লাহ আছেন ব্যাটিংয়ে। 

বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান করেছিল। ১ উইকেটে ১৭৯ রানে দিন শুরু করেছে পাকিস্তান।


[টিবিএন৭১/আরএন]