ভারতের তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন অবশেষে নিশ্চিত করেছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)।
স্থানীয় রাজনৈতিক দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে পাশে দাঁড়ানোর পর সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের অফিস লোকভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় আজ রবিবার (১০ মে) সকাল ১০টায় শপথ নেবেন। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠিত হবে।
গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হয়। সেই নির্বাচনে সর্বাধিক আসন পায় তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের দল টিভিকে। দলটি ১০৮টি আসনে জয় পায়। এর মধ্যে বিজয় নিজে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ফলে দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়ায় ১০৭। তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।
শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন সংখ্যা কার্যত ১১৬-তে সীমাবদ্ধ ছিল। গতকাল সকাল পর্যন্ত দলটি ভিসিকের আনুষ্ঠানিক সমর্থনের অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত ভিসিকে ও আইইউএমএলের সমর্থন পাওয়ায় দক্ষিণ ভারতের এই রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ উন্মুক্ত হয়েছে।
[টিবিএন৭১/আরএন]