জুলাই শহীদ পরিবারের তোপের মুখে চিফ প্রসিকিউটর

জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের তোপের মুখে পড়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে জুলাই আন্দোলনে উত্তরার স্পটগুলো পরিদর্শনে আসেন তিনি।

এ সময় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের তোপের মুখে পড়েন তিনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
 
তবে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি জানান, আসামি ধরার জন্য তারা তৎপর রয়েছেন। সুনির্দিষ্ট প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘থানায় জুলাই আন্দোলন নিয়ে যত মামলা হয়েছে, ট্রাইব্যুনালে সবগুলোর তদন্ত হবে।’
 
এ সময় জুলাই আন্দোলনে ভুক্তভোগীদের পরিবারকে বিশেষ নিরাপত্তা দেয়ার কথাও জানান চিফ প্রসিকিউটর।
 
তিনি বলেন, ‘উত্তরায় জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১০ জন হত্যা মামলায় এখন পর্যন্ত একটি তদন্ত প্রতিবেদন জমা হয়েছে ট্রাইব্যুনালে। বাকিগুলোরও তদন্ত চলছে।’
 
জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর উত্তরা। সরকারি হিসাবে এখানে নিহত হয়েছেন ৭৩ জন, বেসরকারি হিসাবে যা ৮১ জন। আহত ও গুলিবিদ্ধ হন আড়াইশোজনেরও বেশি।



[টিবিএন৭১/আরএন]