ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উৎসবকে সামনে রেখে আজ শুক্রবার (৮ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। বাস ও ট্রাক মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে,  শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করছে। 

জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আজ ৮ মে যাত্রীরা ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিভিন্ন রুটের বাসের আগাম টিকিট সংগ্রহ করতে পারছেন।

অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী বলেন, সকাল থেকেই তাদের সব টিকিট অনলাইন ও অফলাইন বিক্রি শুরু হয়েছে। 

তিনি জানান, সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় যাত্রীদের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি ২৪ মে রাতের, ২৫ মে সারা দিনের এবং ২৬ মে সকালের টিকিটে।  সকাল ১০টা পর্যন্তই চাহিদা থাকা এসব রুটের অধিকাংশ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে।


[টিবিএন৭১/আরএন]