পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, এই প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে আজই। দলীয় সূত্রে জানা গেছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছে বিজেপির নির্বাচিত বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এই বৈঠকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

শুক্রবার (৮ মে) বেলা ১১টার কিছু পর কলকাতা বিমানবন্দরে পৌঁছান অমিত শাহ। তাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা, যার মধ্যে ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্য নেতারা। 

দলীয় সূত্র বলছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে অমিত শাহ এই প্রক্রিয়ার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে সহকারী হিসেবে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। নিয়ম অনুযায়ী, পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পরই সাধারণত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

রাজনৈতিক মহলের ধারণা, এবার পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ফলে যে নাম পরিষদীয় দলনেতা হিসেবে চূড়ান্ত হবে, তিনিই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।

অমিত শাহ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে একজন বাঙালিকেই বেছে নেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে।

দাবিদারদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। গত কয়েক বছর বিধানসভায় তার ভূমিকা এবং সংগঠনিক দক্ষতার কারণে তাকে এগিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলেও দলীয় মহলে আলোচনা চলছে। 

এছাড়া সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক এবং সাবেক সাংবাদিক স্বপন দাশগুপ্তের নামও আলোচনায় রয়েছে। দলীয় সূত্র আরও জানায়, বৈঠকের পর সন্ধ্যার মধ্যেই নাম ঘোষণা হতে পারে। এরপর নির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানানো হবে। সবকিছু ঠিক থাকলে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলেও প্রস্তুতি চলছে।



[টিবিএন৭১/আরএন]