মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৬ জনকে জরিমানা

মালয়েশিয়ার কেদাহ অঙ্গরাজ্যের সিক জেলার বেলান্তিকে অবৈধ অভিবাসী আদালতে বিভিন্ন অভিবাসন আইনে ১২৬ জনকে হাজির করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০ থেকে ১৫ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা, অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার (৭ মে) অনুষ্ঠিত শুনানিতে তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী অভিযোগ আনা হয়।

বিচারক ইয়েএ তুয়ান মাজদি বিন আবদুল হামিদের আদালতে মামলাগুলো পরিচালনা করেন টিপিপিআই প্রসিকিউটর ফারাহাফিদা বিনতি জাকারিয়া।

আদালত সূত্রে জানা যায়, অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ১৫(১)(সি) অনুযায়ী অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ৫৯ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তদের মধ্যে চীন, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার থেকে ১৫ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা, অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন।

এদিকে, বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থানের অভিযোগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) অনুযায়ী চীন, বাংলাদেশ ও পাকিস্তানের পাঁচ নাগরিককে আট মাসের কারাদণ্ড এবং এক বেত্রাঘাতের দণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি শুনানিতে ৬২ বিদেশিকে ভিজিট পাশের শর্ত ভঙ্গের অভিযোগে অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর রুল ৩৯(বি) অনুযায়ী অভিযুক্ত করা হয়। আদালত প্রত্যেককে ৬০০ রিঙ্গিত জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

কিছু মামলার শুনানি দোভাষী সেবার জন্য পরবর্তী তারিখে মুলতবি করা হয়েছে বলেও জানানো হয়।

কেদাহ রাজ্য মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং বিদেশি নাগরিকদের দেশের আইন ও বিধিনিষেধ মেনে চলা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান ও বিচারিক কার্যক্রম অব্যাহত থাকবে।


[টিবিএন৭১/আরএন]