১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

বাংলাদেশে ১৬ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে এসব মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসি-র চেয়ারম্যানকে লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, বর্তমানে ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে। এর ফলে তৈরি হওয়া আসক্তি অনেক ক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে শিশুরা তাদের স্বাভাবিক শৈশব হারাচ্ছে এবং শারীরিক পরিশ্রম বা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ভুয়া তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা কিশোরদের মনন ও মেধার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে এবং স্কুল-কলেজে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে। একইসঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারের কারণে তাদের মধ্যে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং অনেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

নোটিশে আরও দাবি করা হয়, ডিজিটাল মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে শিশু-কিশোরদের মধ্যে অনলাইন গেম ও আপত্তিকর কন্টেন্টের প্রতি আসক্তি আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা ডিজিটাল নিরাপত্তা বা প্ল্যাটফর্মগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। ফলে শিশুদের অনলাইন কার্যক্রম তদারকি করা কঠিন হয়ে পড়ছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।



[টিবিএন৭১/আরএন]