হাসপাতালে গায়িকা পৌষালী

পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জি অসুস্থ। গত শুক্রবার (১ মে), অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই সংগীতশিল্পী।  

ভারতীয় একটি গণমাধ্যমে গায়িকার পরিবার জানিয়েছে, রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে পৌষালীকে।  

তবে একটি সূত্র জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে স্ত্রী-রোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন পৌষালী। হরমোন ইমব্যালেন্সের কারণে পৌষালী অসুস্থ হয়ে পড়েছেন। পৌষালী আপাতত সুস্থ আছেন। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না শিল্পী। 

২০২৪ সালের ৯ নভেম্বর হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে পৌষালী ব্যানার্জিকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে। পরের দিন তার অস্ত্রোপচার করানো হয়। গত বছরও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  

একটি টিভি রিয়েলিটি শোর মাধ্যমে সংগীতজগতে পরিচিতি লাভ করেন পৌষালী ব্যানার্জি। সাধারণত, রিয়েলিটি শো শেষে জনপ্রিয়তায় ভাটা পড়লেও ব্যতিক্রম তিনি। লোকগান ও ভক্তিগীতির মাধ্যমে শ্রোতাদের মনে আজও জায়গা করে রেখেছেন এই শিল্পী।


[টিবিএন৭১/আরএন]