দেশের সর্বত্র অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের ভেতরে যতই প্রবেশ করা হচ্ছে, ততই পরিস্থিতি আতঙ্কজনক মনে হচ্ছে।
শনিবার (২ মে) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম ও দুর্নীতি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে, যা নৈতিকতা হারিয়েছে। শেখ হাসিনা সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে।”
তিনি আরও বলেন, বিএনপি কখনোই উচ্চকক্ষে পিআর পদ্ধতি বা সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবে একমত হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এসব বিষয় সামনে আনা হলেও বিএনপির অবস্থান স্পষ্ট।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি-ই সংস্কারের জনক। বর্তমানে জামায়াত যে আন্দোলন করছে, তা দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিটি আলোচনায় ছিলাম, কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছি এবং স্বাক্ষরও করেছি। কিন্তু এখন বলা হচ্ছে সবকিছুই মানতে হবে—যা আমরা গ্রহণ করি না।”
তিনি আরও বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে বিএনপি একমত হয়নি। সব সিদ্ধান্তই সংসদের মাধ্যমেই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
[টিবিএন৭১/আরএন]