ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের মাঝপথে একাধিক দলের অধিনায়ক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। পারফরম্যান্স, নেতৃত্ব ও দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে অন্তত চারটি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ক বদলের বিষয়টি বিবেচনা করছে।
পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস প্লে-অফের খুব কাছে থাকলেও বাকি দলগুলোর অবস্থান এখনো অনিশ্চিত। এক বা দুই ম্যাচের ফলেই পুরো টেবিলের চিত্র পাল্টে যেতে পারে।
এই পরিস্থিতিতে অনেক ফ্র্যাঞ্চাইজি ঝুঁকি নিয়ে নেতৃত্বে পরিবর্তন এনে দলে নতুন গতি আনার চেষ্টা করছে। কয়েকজন অধিনায়ককে নিয়ে তাদের পারফরম্যান্স ও সিদ্ধান্ত গ্রহণে অসন্তোষও প্রকাশ পেয়েছে।
দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অক্ষর প্যাটেলের অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নয় কর্তৃপক্ষ। তার ব্যক্তিগত পারফরম্যান্সও খুব একটা ভালো না হওয়ায় চাপ আরও বেড়েছে। দলটি টানা হার ও বড় ব্যবধানে পরাজয়ের পর নেতৃত্ব বদলের বিষয়টি ভাবছে, যেখানে লোকেশ রাহুলকে নতুন অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে।
রাজস্থান রয়্যালসও তাদের অধিনায়ক রিয়ান পরাগের পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। তার ফর্ম, দল পরিচালনা এবং সতীর্থদের সঙ্গে বোঝাপড়া নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে তাকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা চলছে।
অন্যদিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ধারাবাহিকতা ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা চলছে। একই দলে সাঞ্জু স্যামসন ভালো ফর্মে থাকায় তার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বোলিং পরিবর্তন, ফিল্ডিং সেটআপ এবং একাদশ নির্বাচন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তাই এই দলটিও মাঝপথে নেতৃত্ব বদলের চিন্তা করছে, যেখানে সহ-অধিনায়ক রিঙ্কু সিংকে দায়িত্ব দেওয়া হতে পারে।
[টিবিএন৭১/আরএন]