টি-টোয়েন্টির নতুন অধ‌্যায় শুরুর অপেক্ষা

বাংলাদেশ ক্রিকেটে এত দীর্ঘ সময়ের জন্য কোনো ফরম্যাটে অধিনায়ক নিয়োগের নজির খুব একটা নেই। কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসকে অধিনায়ক ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করায় কি তাকে অধিনায়কত্ব ‘উপহার’ দেওয়া হলো? বোর্ড সেসব আলোচনা উড়িয়ে দিয়ে জানায়, এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

২০২৮ বিশ্বকাপেও থাকবে ২০টি দল, আর র‍্যাংকিংয়ের শীর্ষ ১২-তে থাকায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত। তাই অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড-এ অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপকে সামনে রেখে বাাংলাদেশের যত পরিকল্পনা, যত সিদ্ধান্ত গ্রহণ, যত রণ কৌশল তৈরি করা যায় তা ঢেলে সাজানোর সময় এখনই।

সেই প্রস্তুতির প্রথম ধাপ শুরু হচ্ছে আজ চট্টগ্রামে। বন্দরনগরীতে তিন ম্যাচের সিরিজে নিউ জিল্যান্ড ক্রিকেট দলকে স্বাগতিক হিসেবে আতিথেয়তা দেবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ফিরছে ৫ মাস পর। সামনে বিশ্বকাপ নেই বলে এই বছর খুব বেশি টি-টোয়েন্টি নেই বাংলাদেশের। তবে যে সিরিজগুলি আছে, সবই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে। লিটনের মতে, দলটাকে গড়ে তুলতে সহায়তা করবে এই সিরিজগুলো, ‘‘অনেকদিন পর আমরা আবার টি-টোয়েন্টি ফরম্যাট খেলছি। প্রথম দিকে আমরা কোনো বাড়তি চাপ দিতে চাচ্ছি না। দুই-একটা ম্যাচ খেললে যে যার জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে। কারণ এখানে সেটআপেরও বিষয় আছে। ভালো দিক হলো, এই বছরের তিনটি সিরিজই ভালো দলের সঙ্গে এবং ব্যাক টু ব্যাক সিরিজ আছে। এটা একটা ইতিবাচক ব্যাপার যে, একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য তুলনামূলকভাবে সহজ হয়ে যাবে।’’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। এর মধ্যে ৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ১৫ ম্যাচে জয় কিউইদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। নিউ জিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয়।

এছাড়া ২০২৩ সালে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়। নিউ জিল্যান্ড সফরে প্রথম ম্যাচেই ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১৭ রানে জিতে সিরিজ হার এড়ায় নিউ জিল্যান্ড।
আজকের শুরুতে কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।



[টিবিএন৭১/আরএন]