জ্বালানি তেলে আইনশৃঙ্খলা বাহিনীর রেশনিং তুলে নেওয়া হয়েছে

জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি তেলের ওপর আরোপিত সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস-জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর ওপর পূর্ববর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট সব বিভাগকে এ নির্দেশনা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে সেবামূলক কার্যক্রমে আর কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড ও সাম্প্রতিক সময়ে পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি উত্থাপন করেন। তিনি জ্বালানি তেলের সংকট ও রেশনিংকে টহল কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বলেন, এতে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তার জবাবে সংসদ সদস্যের উদ্বেগের কথা স্বীকার করে বলেন, বিষয়টি ইতোমধ্যে সমাধান করা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, সরকারের দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো সক্রিয় থাকবে।


[টিবিএন৭১/আরএন]