জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এবং বৈষম্যহীন দেশ গড়ার বার্তা দিতে জাতীয় সংসদ ভবন এলাকাকেও লোডশেডিংয়ের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর ‘লোড ম্যানেজমেন্ট’ সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “মেহেরবানি করে এটা (লোডশেডিং) যেন সংসদ থেকে শুরু হয়। সংসদ যেন এর বাইরে না থাকে। ঢাকার অন্য অংশে যদি এক ঘণ্টা লোডশেডিং থাকে, এখানেও যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে।”
এ প্রস্তাবের যুক্তি দিয়ে তিনি বলেন, “সংসদ ভবন থেকে শুরু হলে জনগণ বুঝবে, আমরা সত্যিই বাংলাদেশকে একটি বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে চাই।”
এ সময় স্পিকার তাকে মনে করিয়ে দেন, “বিরোধীদলের নেতা, সংসদ তো চালু রাখতে হবে। সংসদে লোডশেডিং করা যাবে না।”
জবাবে ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, “আমি সংসদ ভবনের কথা বলেছি, অধিবেশন চলার কথা বলিনি। অধিবেশনের বাইরে সংসদ ভবনে অনেক কাজ হয়, আমি সেটাই বোঝাতে চেয়েছি।”
[টিবিএন৭১/আরএন]