পাবনা জেনারেল হাসপাতালের ম্যানহোল থেকে একজন মানুষের দীর্ঘদিনের পুরোনো কঙ্কালের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের পেছনের একটি ম্যানহোলের ভেতর থেকে অংশ বিশেষ উদ্ধার হয়।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা জানান, হাসপাতালে থাকা লোকজন কঙ্কালের কিছু অংশ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।
তিনি জানান, মাথার খুলি, বুকের খাঁচার অংশসহ কিছু অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেকদিনের পুরোনো মরদেহটি পঁচে কঙ্কাল হয়ে গেছে। কঙ্কালটি পুরুষ নাকি নারীর, বয়স কেমন, কতদিন আগে মারা গেছেন তা এখনই নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়।
পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, “আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধারকৃত কঙ্কালের অংশ বিশেষ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠাব। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
[টিবিএন৭১/আরএন]