ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ সমৃদ্ধ পারমাণবিক সামগ্রী যুক্তরাষ্ট্রে পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের এ ধরনের দাবিকে ‘অ-আলোচনাযোগ্য’ বলে অভিহিত করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের পার্শ্ববৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
রবিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ওয়ানা নিউজ।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অসংখ্য বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবির’ কারণে দ্বিতীয় দফা আলোচনা অনিশ্চিত রয়ে গেছে।
খাতিবজাদেহ বলেন, “আমরা এখনও একটি প্রকৃত বৈঠকের পর্যায়ে পৌঁছাইনি, কারণ এমন কিছু বিষয় রয়েছে যেখানে আমেরিকানরা তাদের চরমপন্থি অবস্থান থেকে সরে আসেনি।”
তিনি জোর দিয়ে বলেন, ইরান সশরীরে শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে একটি কাঠামো চুক্তি চূড়ান্ত করতে চায়।
আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে কথা বলতে গিয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, তেহরান একটি যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। তবে সেই যুদ্ধবিরতি অবশ্যই ব্যাপক হতে হবে এবং এতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে- এই বার্তা ইরান সংশ্লিষ্ট সকল পক্ষকে জানিয়ে দিয়েছে।
বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালি সম্পর্কে খতিবজাদে এক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানান, চলমান আলোচনার অংশ হিসেবে এই প্রণালির জন্য নতুন কিছু নির্দেশনা বা প্রোটোকল তৈরি করা হচ্ছে।
তবে এই নতুন নিয়মাবলী নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, “নতুন নির্দেশনা তৈরি হলেও হরমুজ প্রণালি আগের মতোই সব বেসামরিক যাতায়াত ও বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত এবং নিরাপদ থাকবে।”
[টিবিএন৭১/আরএন]