অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন: র‍্যাবের ডিজি ।

রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় গ্রেফতার প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন ৫ লাখ টাকা দাবি করেছিলেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।সোমবার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে রমনা পার্কে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।র‌্যাবের মহাপরিচালক বলেন, অভিযুক্ত মঈন ৫ লাখ টাকা দাবি করেন। চাঁদা না দেয়ায় হুমকি দেন তিনি, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। মামলার পর মঈনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
এদিন সকালে এক খুদে বার্তায় র‌্যাব জানায়, সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঈন ছাড়া গ্রেফতার বাকি আসামিরা হলেন: সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।এর আগে সম্প্রতি মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের ওই হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ ওঠে মঈন উদ্দিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।
 
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন মঈন উদ্দিন নামের ওই ব্যক্তি। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।হাসপাতালটি ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। 



[আর/এস]