নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে : প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষণ দেখা যাচ্ছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা সরকারকে নির্বাচন করতে দিতে চায় না, তারা ষড়যন্ত্র করবে। তার কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও দেখা যাবে। আমাদের সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।
 
তিনি আরও বলেন, জীবনে কখনো ভোট দিতে পারেনি—তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যে, আমাকে ভোট দিতে দেয় নাই।
 
'প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি। সবার সহযোগিতা দরকার,' বলেন ড ইউনূস।

বৈঠকে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




[টিবিএন৭১/আরএস]